মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লার রাজাপাড়া চৌমুহনী এলাকায় দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের মূল্য কারসাজির বিরুদ্ধে প্রশাসনের হঠাৎ অভিযানের পরই বাজারে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দোকানটিতে বিক্রয়মূল্য যাচাই করে দেখা যায়, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। এ ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আশপাশের ভুক্তভোগী ক্রেতারা ভিড় করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, “আমরা এতদিন বাধ্য হয়ে ১৩০ টাকার তেল ২৫০ থেকে ৩০০ টাকায় কিনেছি। কোনো বিকল্প ছিল না। কিন্তু আজ অভিযানের পর দেখি ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এতে আমরা স্বস্তি পেয়েছি।”
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় করে আসছিল। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ যদি সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তারা।
অভিযানের পরপরই এলাকায় তেলের দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং বাজারে শৃঙ্খলা ফেরার আভাস পাওয়া যাচ্ছে।