মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি
কুমিল্লায় এনজিওর ফিল্ড অফিসারের বিরুদ্ধে হিন্দু নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।
কুমিল্লায় বেসরকারি উন্নয়ন সংস্থা “পল্লী মঙ্গল”-এর এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে এক হিন্দু নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিম্মাদারসহ ৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী “পল্লী মঙ্গল” থেকে একটি ঋণ গ্রহণ করেছিলেন। কয়েকটি কিস্তি পরিশোধের পর আর্থিক সংকটের কারণে পরবর্তী কিস্তি দিতে না পারায় সংস্থাটির মাঠকর্মী মো. মিরাজ হোসেনসহ কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ৯টার দিকে তাদের বাসায় যান।
এসময় কিস্তির টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে জিম্মাদার ও মাঠকর্মীরা ওই নারীকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীকে রক্ষা করতে গেলে তার স্বামীকেও মারধর করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় প্রতিবেশীরা আহত দম্পতিকে উদ্ধার করেন।
ঘটনার রাতেই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, ঘটনার পর “পল্লী মঙ্গল”-এর কার্যালয়ে গিয়ে জানা যায়, রহস্যজনকভাবে প্রতিষ্ঠানের ম্যানেজারকে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার একে অপরের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে পুলিশ সংশ্লিষ্টদের থানায় ডেকে পাঠালেও জিম্মাদার উপস্থিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের এমন আচরণ অত্যন্ত নেক্কারজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।