
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হাসান সরদার ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, জিম্মি করে রাখা এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এ সময় পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা ও মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা নগরের শাসনগাছা হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, তাঁর পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয়স্বজন অবস্থান করছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রাত ১২টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসার দরজায় দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে চেয়ারম্যানের স্ত্রী দরজা খুলতে বাধ্য হলে হামলাকারীরা জোরপূর্বক বাসার ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে বাসার ভেতরে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে এবং সবাইকে জিম্মি করে রাখে।
অভিযোগে বলা হয়, এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের কাছে ২০ লাখ টাকা চাঁদা ও মুক্তিপণ দাবি করে। পাশাপাশি বাসা থেকে নগদ সাত লাখ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়। সারারাত পরিবারের সদস্যদের আটকে রেখে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, পরদিন সকালে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে সাত লাখ টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় চেয়ারম্যান নাজমুল হাসান সরদার ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা ইউপি সদস্য, দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যক্তিরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
একটি আবাসিক বাসায় গভীর রাতে ৪০ থেকে ৫০ জনের সংঘবদ্ধ প্রবেশ, হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করে অর্থ আদায় এবং মূল্যবান সামগ্রী লুটের এমন অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের বক্তব্য, মামলা বা আইনগত পদক্ষেপের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।