
মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে বুলেট বৈরাগী (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পরিবারের সঙ্গে শেষবার মোবাইলে কথা বলার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
র্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সোহাগ (৩৪), ইসমাইল হোসেন জনি (২৮), এমরান হোসেন হৃদয় (৩৪), রাহাত হোসেন জুয়েল (২৭) ও সুজন (৩২)।
অভিযানে তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, পোশাকসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু-ড্রাইভার, ফোরজিং হ্যামার, প্লায়ার্স, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য। তারা রাতের বেলায় দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। ঘটনার দিন ভোররাতে ভিকটিমকে সিএনজিতে তুলে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তাকে মারধর করে এবং চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।