মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের হাতে চাপাতি, রামদা/হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র ও সুইচ গিয়ার দেখা যায়। এ সময় তারা পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ০৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার বিসিক শিল্পনগরীসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় ৫ জনকে। তারা হলেন— ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কোতয়ালী থানাধীন কুসিক ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ৪টি রামদা/হাসুয়া এবং একটি এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মাথায় গোলাকার ব্লেড যুক্ত ছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং আরও অন্তত ১৪ জন সহযোগীর নাম-পরিচয় দিয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জন দুষ্কৃতকারীর সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদ আনোয়ার জানান, কুমিল্লা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।