
কুমিল্লা ইপিজেড এলাকায় নারীসহ এক ব্যক্তিকে আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমের বিরুদ্ধে। গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্র দাবি করেছে।
সূত্রের দাবি, দোকানদার হিসেবে পরিচিত জসিম নামের এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে এএসআই শামীমের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নিয়ে জসিমকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেছে সংশ্লিষ্ট সূত্র।
তবে অভিযোগের বিষয়ে এএসআই শামীম জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।
এদিকে এএসআই শামীমের বক্তব্যের পর নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে—যদি এমন কোনো ঘটনা না ঘটে থাকে, তাহলে প্রথমে সিএনজি যোগে উনাইসার ব্রিজ এবং পরে দিশাবন্দ মোড় এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কেন ঘোরানো হয়েছিল? তাদের সেখানে নেওয়ার উদ্দেশ্য কী ছিল? আটকের ঘটনা না ঘটলে এমন পরিস্থিতির সৃষ্টি হলো কীভাবে?
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে আটকের ঘটনা, অর্থ লেনদেন এবং ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার প্রকৃত কারণ জানতে চাওয়া এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা উদ্ঘাটনের দাবি উঠেছে।
ঘটনার পেছনের প্রকৃত রহস্য, আটকের পর কী ঘটেছিল এবং অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা নিয়ে বিস্তারিত আসছে।
প্রথম পর্বের পর আসছে দ্বিতীয় পর্ব।
সত্য উদ্ঘাটনে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।