
মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২ (তিতাস–হোমনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল ১১টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাইদুল হক, সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. নাজিম উদ্দিন বলেন, জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দলীয় নেতাকর্মীরাও নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।