
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামে অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে স্কেভেটরের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন, ২০১৫-এর প্রযোজ্য ধারায় অভিযুক্তকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, অবৈধভাবে কৃষিজমি নষ্ট করা ও অনুমোদনহীন মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।