
৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াতের লংমার্চ বাস্তবায়নে প্রেস ব্রিফিং
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় এটিএম আজহার বলেন, গণভোটের রায় ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে উত্থাপিত ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের রায়কে উপেক্ষা করে কোনোভাবেই দেশ পরিচালনা করা যাবে না।
প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, গণভোটের রায়, সংস্কারসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নেতারা আরও বলেন, জনগণের অধিকার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস করা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ অব্যাহত রাখা হবে।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।