
মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান কঠোর অভিযানে নতুন করে গ্রেফতার হয়েছেন এক কুখ্যাত মাদক ব্যবসায়ী। একই সঙ্গে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করার পর থেকেই বীরগঞ্জ উপজেলায় জোরদার করা হয়েছে মাদকবিরোধী অভিযান। প্রশাসনের ধারাবাহিক অভিযানে বর্তমানে আতঙ্কে রয়েছে মাদক কারবারি ও সেবনকারীরা।
বীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। তাদের নেতৃত্বে নিয়মিত পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।
এদিকে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। প্রত্যন্ত পল্লীর হাট-বাজার, মাঠ-ঘাট, বাড়ি-ঘর এমনকি ভুট্টাক্ষেতেও চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার বর্ষা গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুর রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই অভিযানে মাদক সেবনের অভিযোগে মৃত রুস্তম আলীর ছেলে নিজাম উদ্দিন এবং কোবাত আলীর ছেলে আব্দুল মজিদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তারা উভয়েই নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান অতীতে খুব কমই দেখা গেছে। নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপের কারণে অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।