
প্রশাসনের নিষেধাজ্ঞার পরও কাজ চালু, জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা—দখলদারের ক্ষমতার উৎস কোথায়?
আরিফুল ইসলাম ফারহান (কুমিল্লা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও পুনঃখনন উদ্যোগের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার এবং পানিপ্রবাহ স্বাভাবিক করার বিষয়টি যখন গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় কুমিল্লার বরুড়ায় সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের মৌখিক নির্দেশ দেওয়ার পরও পুনরায় কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের হেরপেটি কবিরাজ বাড়ি সংলগ্ন সরকারি খালে। স্থানীয়দের অভিযোগ, তাজুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন।
অভিযোগের বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজকে মুঠোফোনে অবগত করা হলে তাঁরা বিষয়টি গুরুত্বসহকারে দেখার উদ্যোগ নেন। পরে ১৩নং আদ্রা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। একই সঙ্গে ওই স্থান থেকে স্থাপনা ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
কিন্তু অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশনার পরও তাজুল ইসলাম পুনরায় দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এতে প্রশ্ন উঠেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীভাবে আবারও সরকারি খালের জায়গায় নির্মাণকাজ চালানো হচ্ছে? ওই ব্যক্তির ক্ষমতার উৎস কোথায়, যার কারণে প্রশাসনের নির্দেশনার পরও কাজ বন্ধ থাকছে না—এমন প্রশ্নও তুলছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, পেরপেটি বাজার থেকে হেরপেটি মাঝপাড়া হয়ে আসা খালটির ওপর দোকানঘর নির্মাণ করা হলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে হেরপেটি গ্রামের পূর্ব, উত্তর ও পশ্চিম পাশের মাঠে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমে এসব মাঠের কৃষিজমিতে পানি জমে ফসলহানি এবং কৃষকদের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
খাল খননের উদ্যোগ একদিকে, অন্যদিকে খাল দখল!
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও পুনঃখনন উদ্যোগের মূল লক্ষ্য যেখানে খাল পুনরুদ্ধার, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি ও পরিবেশের স্বার্থ রক্ষা, সেখানে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের এমন অভিযোগ স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি খাল দখল প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন উঠছে।
স্থানীয়দের দাবি, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ সত্য হলে দ্রুত তা বন্ধ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে খালের সঠিক সীমানা নির্ধারণ, দখলদারদের চিহ্নিতকরণ এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তাঁদের প্রশ্ন, সরকারি খাল রক্ষায় প্রশাসনের নির্দেশনা যদি কেউ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাধা কোথায়? নাকি প্রভাবশালী হওয়ার কারণে সরকারি সম্পত্তি দখলের অভিযোগেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন?
এলাকাবাসী খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করে কৃষিজমি ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এবং ভূমি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এবং অভিযুক্ত তাজুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংবাদে সংযুক্ত করা হবে।