মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় কবি ও সাংবাদিক সবুজ হোসেনের ওপর হামলা ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার আড্ডা গরুর বাজারে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সবুজ হোসেন। এ সময় পশ্চিম আড্ডা গ্রামের ফারুক হোসেন নামের এক ব্যক্তি তাকে জোরপূর্বক পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে অভিযোগ রয়েছে, ঘটনার পরদিন মঙ্গলবার আবারও আড্ডা বাজারে সবুজ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হলে তিনি স্থানীয়দের সহায়তা চান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সবুজ হোসেন বলেন,
“সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি বারবার হামলার শিকার হচ্ছি। স্থানীয় মানুষের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।”
জানা যায়, কবি সবুজ হোসেন শৈশব থেকেই কবিতা চর্চার মাধ্যমে বরুড়ায় পরিচিতি লাভ করেন। ইতোমধ্যে তাঁর চারটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করার পাশাপাশি বরুড়ার জনপ্রিয় এস এন অনলাইন টিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত ফারুক হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।