
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার বরুড়া উপজেলায় মধ্যরাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গালিমপুর ইউনিয়নে ঘটেছে।
ভুক্তভোগী অ্যাডভোকেট মাহবুব মজুমদারের বাড়িতে গত ২৪ মার্চ ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়।
পরিবারের দাবি, হামলাকারীরা মাহবুব মজুমদারের ছেলে মাকসুদুল হাসান রিয়াদকে মারধর করে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে তাকে বরুড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট মাহবুব মজুমদার বলেন,
“আমার নাবালক ছেলেকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। এর আগেও গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে তাকে গ্রেফতার করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার পরিবারের ওপর বারবার এ ধরনের নির্যাতন চালানো হচ্ছে। এছাড়াও পূর্বে আমার কলাবাগানের গাছ কেটে ফেলা হয়েছে।”
তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।
তবে এ বিষয়ে বরুড়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, “রিয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।”