মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে প্রতারণার অভিযোগে অভিযুক্ত একটি চক্রকে ঘিরে নতুন করে জনমনে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সত্য ঘটনাকে আড়াল করতে এবং নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে চক্রটি নানা কৌশলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ, ফজলার রহমান ও শফিকুল ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন। তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে জনমত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি সচেতন মহলের।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বর্তমানে এসব অভিযোগ সামনে আসতে শুরু করায় চক্রটি বেকায়দায় পড়ে গেছে।
এলাকায় এখন “অতি চালাকের গলায় দড়ি” — এমন মন্তব্যও শোনা যাচ্ছে ব্যাপকভাবে। কারণ, একের পর এক নানা তথ্য ও অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, জাহিদুল ইসলাম জাহিদ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মূল হোতা। তার সহযোগী হিসেবে বিভিন্ন সময় ফজলার রহমান ও তার সহোদর শফিকুল ইসলামের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, শফিকুল ইসলাম শিক্ষকতা ও ক্লিনিক ব্যবসার আড়ালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে আদালতে চলমান সিআর মামলা নম্বর-২০৭ (তারিখ: ২৭ এপ্রিল ২০২৬) এর বাদী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন জানান, তার ছেলে জিসান আল আহাদ পারভেজকে কোম্পানি ভিসায় অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারক চক্রটি তার কাছ থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা নেয়। কিন্তু পরে বিদেশে না পাঠিয়ে নানা টালবাহানা শুরু করলে তিনি আদালতে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়ে জানার পর অভিযুক্তদের পক্ষ নিয়ে শফিকুল ইসলাম তাকে মোবাইল ফোনে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ৩ মে ২০২৬ তারিখে বীরগঞ্জ থানায় ১৬৪ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মামলা ও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করে এসআই খোকন চাকি গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।