শরীফ রিমন, ঢাকা
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ
– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
ঢাকায় আজ হোটেল শেরাটনে Institute of Strategy and Tactics Research (ISTR) আয়োজিত “C.O.M.P.A.S.S. Dialogue, Chapter 1: The Western Calibration” শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি নিয়ে মতবিনিময় করেন।
এসময় সংলাপে আরও উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষকসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।