কুমিল্লার বরুড়া উপজেলায় প্রকাশ্যে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের উত্তর পাশের মাঠে আবাদযোগ্য কৃষিজমিতে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেই কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। এতে একদিকে চাষাবাদের জমি স্থায়ীভাবে নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত মাটি ব্যবসায়ী হিসেবে স্থানীয় যুবদল নেতা মনিরের নাম উঠে এসেছে। গত বছর ১৩নং আদ্রা ইউনিয়নের আনাইদকোটা গ্রামের দক্ষিণ পাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় মনির বর্তমানে জামিনে রয়েছেন। মামলার আসামি হয়েও তিনি পুনরায় প্রকাশ্যে অবৈধ মাটি ব্যবসা চালাচ্ছেন—এটি নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, মনির শুধু আদ্রা ইউনিয়নেই নয়, ১৫নং পয়ালগাছা ইউনিয়নের কলাখাল গ্রামে রাতের আঁধারে দুই থেকে তিন দিন ভেকু দিয়ে মাটি কাটেন। একই ইউনিয়নের মগপুকুরিয়া গ্রামে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগও রয়েছে। যদিও পরে প্রশাসন বন্ধ করে দেয় সর্বশেষ আবারও আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের উত্তর পাশে মাটি কাটার কাজ চলতে দেখা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ৩১ ডিসেম্বর দুপুরে ১৫নং পয়ালগাছা ইউনিয়নের শহীদনগর বটতলী বাজার এলাকায় এক সাংবাদিককে প্রভাবিত করার উদ্দেশ্যে হোটেলে খাবার খাওয়ানো হয় এবং অবৈধ মাটি কাটাকে ‘জায়েজ’ প্রমাণের চেষ্টা চালানো হয়।
এদিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলাতেও বিভিন্ন এলাকায় ফসলি জমিতে অবৈধ মাটি কাটার অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া, আমান গন্ডা, কাশিনগর, বাতিসা ও কনকাপৈত এলাকায় অবাধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, এই কার্যক্রমটি চালানো হচ্ছে ইউপি মেম্বার তৌহিদুল ইসলাম স্বপনের নেতৃত্বে। দিনের পর দিন প্রকাশ্যে চলা এই মাটিকাটার বিরুদ্ধে এখনও কোনো কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি।
যদিও এ বিষয় ইউপি মেম্বার স্বপনের মুঠোফোনে ফোনে ফোন দিলে তিনি অস্বীকার করেন বিষয়টি নিয়ে শিগগিরই একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।
এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ ভেকু জব্দ, মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।