
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় যুবদলের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (দুপুর সাড়ে ১২টা) উপজেলার সীমান্তবর্তী গোধড়া ব্রিজ ও গুনাইহাটি এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষ চলাকালে একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত লোকজন গাছের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের পল্লী চিকিৎসক ও ওয়ার্ড যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, মুদি দোকানদার লিটন হোসেন এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীসহ আরও কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদিমচিলান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মজনু পাটোয়ারী ও নাদিম হোসেন দোহার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গোধড়া বাজারে রাশেদের দোকানে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মজনুর সমর্থকরা রাশেদের দোকানে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে।
ঘটনার খবর গুনাইহাটি এলাকায় ছড়িয়ে পড়লে রাশেদের স্বজন ও অনুসারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে লালপুরের গোধড়া গ্রামের লোকজনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। উত্তেজনার একপর্যায়ে গুনাইহাটি মোড়ে মজনু পাটোয়ারীর সমর্থকদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, দুই থানার পুলিশ যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।