নিউজ ডেস্ক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে প্রথম নিবন্ধিত পত্রিকা পাক্ষিক হাতিয়া কণ্ঠ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী কর্মশালা। মঙ্গলবার (২৪ মার্চ) হাতিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের সংবাদদাতা ও প্রতিনিধিরা।
কর্মশালায় সভাপতিত্ব করেন পাক্ষিক হাতিয়া কণ্ঠের নির্বাহী সম্পাদক ইফতেখার হোসেন তুহিন। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম। তিনি মাঠপর্যায়ের সাংবাদিকতায় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, সংবাদ লেখার কৌশল এবং পেশাগত নৈতিকতা বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সিনিয়র সাংবাদিক আমির হামজা, দৈনিক কালবেলার হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, ঢাকা মেইলের প্রতিনিধি ছায়েদ আহমেদ এবং ঢাকাস্থ হাতিয়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক দিনাজ উদ্দিন। বক্তারা বলেন, বর্তমান সময়ে গুজব ও অপপ্রচারের ভিড়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে, তাই সাংবাদিকদের দক্ষ ও দায়িত্বশীল হওয়া অপরিহার্য।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ রচনার ব্যবহারিক কৌশল, শিরোনাম নির্ধারণ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পদ্ধতি এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের দাবি জানান। আয়োজকরা জানান, স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।