
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীরা অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
তিনি আরও বলেন, একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
পুলিশ সুপার জানান, গোলাগুলির পর বর্তমানে উজোবাজার এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাজেকে অবস্থানরত সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন বলেও জানান তিনি।
ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।