নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (আজ) সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড-সংলগ্ন মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন বলে নিশ্চিত করেছে। তাঁকে বিকেলে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। জানা গেছে, সন্ধ্যা পর্যন্ত চারজনের লাশ ঘটনাস্থল জাগলার চরেই পড়ে ছিল। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরের খাসজমি দখল নিয়ে স্থানীয় কোপা সামছু ওরফে সামছুদ্দিন গ্রুপ এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি একাধিকবার উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সর্বশেষ আজ সকালে চরের খাসজমির দখল নিয়ে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।
পুলিশ জানিয়েছে, বিকেল পর্যন্ত উভয় পক্ষের দুই বাহিনীর প্রধানসহ মোট পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্র নিহতের সংখ্যা ছয় বলে দাবি করেছে।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলে যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। এ কারণে সকালে সংঘর্ষের ঘটনা ঘটলেও তা দুপুরের পর জানাজানি হয়। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে হাতিয়া থানার পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সন্ধ্যা পর্যন্ত লাশ উদ্ধার করে ফিরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনও পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডেক্স রিপোর্ট