
মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী।
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ১০টার দিকে হাতিয়া থানাধীন বোয়ালিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও স্থানীয় পুলিশ সদস্যরা।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসী বিদ্যুৎকে আটক করা হয়।
অভিযান চলাকালে আটক ব্যক্তির অনুসারীরা যৌথ বাহিনীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জানা গেছে, আটক বিদ্যুৎ এর বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে একাধিকবার আটক করা হয়েছিল।
জব্দকৃত অস্ত্র ও কার্তুজ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।