(মোঃ আরিফুল ইসলাম ফারহান। বিশেষ প্রতিনিধি।)
নোয়াখালীর আলোচিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বাদী ও স্বাক্ষীদের হয়রানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে আদালতের আদেশ অমান্যের অভিযোগও তুলেছেন মামলার বাদী।
মামলার বাদী মামুন অর রশিদ জানান, তিনি গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে জিআর-২১০/২০২৪ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের অবহিত করে প্রতিকার চাওয়া হয়েছে।
বাদী মামুন অর রশিদ হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বাদীর অভিযোগ, আদালত মামলার ৬ নম্বর আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে ৬ নম্বর আসামি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আইওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
কিন্তু তদন্তকারী কর্মকর্তা ফরেনসিক রিপোর্টের অজুহাত দেখিয়ে জবানবন্দি গ্রহণে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন বাদী। তার দাবি, “আদালত ১৬৪ ধারায় জবানবন্দির নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করবেন না বলে সময়ক্ষেপণ করছেন।”
বাদীর আশঙ্কা, এতে মামলার প্রকৃত ঘটনা তদন্তে উঠে আসবে না এবং তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।
মামলার বাদীর অভিযোগ, পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও ঘুষ লেনদেনের অভিযোগ ছিল। এমনকি আলোচিত এই মামলার আসামিদের রাজনৈতিক হয়রানি মামলা দেখিয়ে ৬ লাখ টাকার চুক্তিতে খালাস পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, চুক্তির ৩ লাখ টাকা লেনদেনের কথোপকথনের একটি অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত গোপন ছবি মোবাইল ফোন হ্যাক করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কোনো উপায় না পেয়ে ২০২৪ সালের ৫ মে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি আইনে সুধারাম থানায় মামলা দায়ের করেন শিক্ষক মামুন অর রশিদ।
মামলার এজাহারে নারী-পুরুষসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন মাইজদী কোর্ট এলাকার আমজাদুর রহমান ওরফে আমজাদ হোসেন, হাতিয়া উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং উপজেলা এলজিইডির এক সহকারী প্রকৌশলী।
আসামিরা গ্রেপ্তার হয়ে দুই মাসের বেশি সময় কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনে বেরিয়ে বাদী ও ভিকটিম দম্পতিকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ, এমনকি প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগে গত ১৩ অক্টোবর সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৮১৭) করা হয়।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তার পরিবর্তন চেয়ে আবেদন করা হলে প্রথমে এক এসআইকে দায়িত্ব দেওয়া হয়। তার বিরুদ্ধেও অভিযোগ উঠলে আদালত অধিকতর তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর-কে দায়িত্ব দেন।
বাদীর দাবি, আসামিরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ব্যবহার করে মামলাকে রাজনৈতিক হয়রানি হিসেবে দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর বলেন, আদালতের আদেশ অনুযায়ী দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে। আসামি সংখ্যা বেশি হওয়ায় সময় লাগছে। আদালত কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি বলেও তিনি উল্লেখ করেন।