মোঃ আরিফুল ইসলাম ফারহান
নোয়াখালীর হাতিয়া উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক বিস্ময়কর ঘটনায়। প্রায় ৫৪ বছর আগে ট্রলারডুবিতে নিখোঁজ হয়ে মৃত বলে ধরে নেওয়া জেলে ছৈয়দ আহাম্মদ (৮৩) হঠাৎ করেই ফিরে এসেছেন নিজ পৈতৃক বাড়িতে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছৈয়দ আহাম্মদ প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবার তাকে মৃত বলেই ধরে নেয়।
স্বজনদের দাবি, দুর্ঘটনার পর সাগরের স্রোতে ভেসে তিনি বিভিন্ন এলাকায় চলে যান এবং একপর্যায়ে ভারতে পৌঁছে যান। সেখানে দীর্ঘদিন বিভিন্ন স্থানে ও ধর্মীয় আশ্রমে কাটান তিনি। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।
গত মঙ্গলবার দুপুরে ছৈয়দ আহাম্মদ নিজ বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে নিজের পরিচয় দেন। প্রথমে অনেকেই বিস্মিত হলেও পরে আত্মীয়-স্বজন ও এলাকার প্রবীণ ব্যক্তিরা তাকে শনাক্ত করেন বলে জানা গেছে।
তবে তার ফিরে আসার পর পরিবারে নতুন করে শুরু হয়েছে বিরোধ ও জটিলতা। ছেলে আকরাম স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ, কয়েকজন ব্যক্তি ছৈয়দ আহাম্মদকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে পারিবারিক সম্পদ ও অর্থসম্পর্কিত বিষয় নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে।
পরিবারের অপর একটি সূত্র দাবি করেছে, ছৈয়দ আহাম্মদের নামে একটি বড় অঙ্কের অর্থ অন্য কারও কাছে গচ্ছিত ছিল, যা নিয়েও আলোচনা চলছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ ৫৪ বছর পর জীবিত অবস্থায় একজন মানুষের ফিরে আসা অত্যন্ত আবেগঘন ও বিরল ঘটনা। অনেকেই ঘটনাটিকে “অলৌকিক প্রত্যাবর্তন” বলেও আখ্যা দিচ্ছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ছৈয়দ আহাম্মদের পরিচয়, পারিবারিক দাবিদাওয়া এবং সংশ্লিষ্ট বিরোধ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।