
জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও কুমিল্লার বরুড়া উপজেলার কৃতী সন্তান আবু বাকের মজুমদারের বাড়িতে কাফনের কাপড়, আতর ও লোবানসহ একটি বাক্স রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে পলাতক আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির দাবি, বাক্সটির ভেতরে কাফনের কাপড়, আতর, লোবান ছাড়াও একটি হুমকিমূলক চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে আবু বাকের মজুমদারের বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরুড়া উপজেলা এনসিপি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাতের আঁধারে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জুলাই অভ্যুত্থানের চেতনাকে দমিয়ে রাখা যাবে না। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতার মাধ্যমে তাঁদের রাজনৈতিক অবস্থান থেকে সরানো সম্ভব নয়।
প্রতিবাদ বিবৃতিতে আরও বলা হয়, আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁর কিংবা পরিবারের কোনো সদস্যের ক্ষতি করার চেষ্টা বরদাশত করা হবে না। বরুড়ার সাধারণ মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধারা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলবে।
বিবৃতিতে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গোপনে হুমকি না দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। ভয়ভীতি নয়, রাজনীতির লড়াই হওয়া উচিত যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।
বরুড়া উপজেলা এনসিপি আরও জানায়, আবু বাকের মজুমদারের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। তাঁর কোনো ক্ষতি করার চেষ্টা হলে বরুড়ার মানুষ ও সারা দেশের জুলাইয়ের সহযোদ্ধারা এর বিরুদ্ধে সোচ্চার হবেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।