
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এতে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপর হামলা বা চড়াও হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-কে মাঠপর্যায়ে কঠোর নজরদারি বৃদ্ধি ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
একই দিন গণভবনের সামনেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো নাশকতা ও সহিংসতা কঠোর হাতে দমন করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।