
কুমিল্লায় মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক, মারপিট, যৌতুক ও চাঁদাবাজিসহ চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের নজর এড়াতে তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন। গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ও হাতে মোবাইল ক্যামেরা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। কখনো নিজেকে সিনিয়র সাংবাদিক, আবার কখনো অনিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চারটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৮ সালে মারপিটের অভিযোগে একটি মামলা, ২০২৩ সালে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা এবং একই বছরে যৌতুক নিরোধ আইনে আরেকটি মামলা দায়ের হয়। সর্বশেষ ২০২৬ সালে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বলছেন, সাংবাদিকতা কোনো অপরাধ থেকে দায়মুক্তি পাওয়ার সুযোগ নয়। কেউ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করা কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, ভুয়া পরিচয়, অনিবন্ধিত গণমাধ্যমের নাম কিংবা সাংবাদিকতার কার্ড ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত হলে তার দায় প্রকৃত পেশাদার সাংবাদিকদের ওপর বর্তানো উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মো. আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মারপিট, মাদক, যৌতুক ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা আইন অনুযায়ী তদন্তাধীন বা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ না পান—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।