একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড: ঢাকায় গুলি, জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু - নব সংবাদ

একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড: ঢাকায় গুলি, জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬

ডেক্স রিপোর্ট

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যুবদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকার ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় যুবদল কর্মী ইয়ানুর রহমানের (৩০) মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ইয়ানুর রহমান পাঁচবিবি উপজেলা যুবদলের কর্মী ছিলেন। তিনি উপজেলার ছালাখুর গ্রামের বাসিন্দা ও আলম মণ্ডলের ছেলে।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম কালবেলাকে জানান, একই গ্রামের মোস্তফা ও ময়নুলের সঙ্গে দীর্ঘদিন ধরে ইয়ানুর রহমানের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে পরিবার ধারণা করছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ইয়ানুর রহমানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবেই ইয়ানুরকে হত্যা করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহতের বাবা মো. আলম মণ্ডল বলেন, “দীর্ঘদিন ধরে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের বিরুদ্ধে মামলা করেছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

অন্যদিকে প্রতিপক্ষ মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি জানান, ইয়ানুর ও তার পরিবারের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছিল এবং সম্প্রতি তা মীমাংসাও হয়েছিল। তার দাবি, ঘটনার পর বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে তারা প্রাণে রক্ষা পান।

পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ীও গুলিবিদ্ধ হয়ে আহত হন।