এক রাতেই সর্বনাশ: লালমনিরহাটে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসল ধ্বংসস্তূপে - নব সংবাদ

এক রাতেই সর্বনাশ: লালমনিরহাটে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসল ধ্বংসস্তূপে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ভয়াবহ ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে জেলার পাঁচ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ জনপদ।

ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও বড় আকারের শিলাবৃষ্টি। এতে অনেক ঘরের চাল ও বেড়া উড়ে যায়। শিলার আঘাতে টিনের চাল ছিদ্র হয়ে ঘরের ভেতরের আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা যায়, ঝড়ে উপড়ে পড়া গাছপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। অনেক পরিবার ঘর হারিয়ে খোলা মাঠে বা পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। জেলার প্রধান অর্থকরী ফসল—ভুট্টা, তামাক, পেঁয়াজ, রসুন ও বাদামের ক্ষেত ব্যাপকভাবে নষ্ট হয়েছে। অনেক ক্ষেতেই ফসল মাটিতে লুটিয়ে পড়েছে।

কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার কৃষক আজিজুল ইসলাম বলেন,
“ঋণের টাকায় চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। মোচা আসা গাছগুলো সব মাটিতে পড়ে গেছে। এখন ঋণ শোধ করব কীভাবে, তা বুঝতে পারছি না।”

একইভাবে তামাক চাষি শাহ আলম জানান, শুকানোর জন্য রাখা তামাকপাতা ও খেতের তামাক—দুটিই শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাজারমূল্য হারিয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হারাটি ও খুনিয়াগাছ, কালীগঞ্জের ভোটমারী ও কাকিনা এবং আদিতমারীর সারপুকুর ও মহিষখোচা ইউনিয়নসহ তিস্তা চরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, তার ইউনিয়নে প্রায় ১০০ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

এদিকে, ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মীর ফয়সাল আলী বলেন,
“ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।”