কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও ২ ম্যাগাজিন উদ্ধার - নব সংবাদ

কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও ২ ম্যাগাজিন উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় পুরোনো প্লাস্টিকের একটি বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

১০ বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম বন্ধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।