
কুমিল্লা-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল হক, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এবং মেঘনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ লোকমান হোসেন।
এ সময় হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে দলীয় প্রার্থীর বিজয় কামনা করেন এবং গণসংযোগ জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের জনগণ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মো. নাজিম উদ্দীন মোল্লা মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করলেন।