চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩” - নব সংবাদ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩”

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৬

শাহরাস্তি প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা আল আরাফাহ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৩-৩৪৯০) বানিয়াচৌ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কুমিল্লাগামী বালুভর্তি একটি ড্রাম ট্রাকের (কুমিল্লা-ট-১১-০৪৭০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ভয়াবহ এ সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাক চালক আবদুল ওহাব (৪৫), বাস চালক কামাল হোসেন (৪১) এবং ট্রাকের হেলপার শোভন (৩৫) নিহত হন।

নিহত বাস চালক কামাল হোসেনের পিতার নাম রাজা মিয়া। তার বাড়ি রংপুরের গাইবান্ধা সদর উপজেলার মধ্যেধানপাড়া বল্লামজার গ্রামে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এবং শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।