চৌদ্দগ্রাম বাজারে যানজটের নেপথ্যে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা, আইনি ব্যবস্থা। - নব সংবাদ

চৌদ্দগ্রাম বাজারে যানজটের নেপথ্যে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা, আইনি ব্যবস্থা।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১০, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত স্থান ব্যতীত বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং অবৈধভাবে ট্রাক পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, মহাসড়কে নির্ধারিত স্টপেজ ছাড়া বাস থামিয়ে যাত্রী উঠানো–নামানোর কারণে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হচ্ছিল। এছাড়া দুটি ট্রাক অবৈধভাবে মহাসড়কে পার্কিং করে রাখায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, বাজার এলাকায় কিছু ক্ষুদ্র ব্যবসায়ী বারবার নিষেধ করার পরও সুযোগ পেলেই মহাসড়কের পাশে আনারস, তরমুজ, বেল, চটপটিসহ বিভিন্ন পণ্য নিয়ে বসে পড়ছেন। একই সঙ্গে অটোরিকশা ও সিএনজি চালকরাও মহাসড়কে এলোমেলোভাবে দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে বিশৃঙ্খলা ও যানজটের সৃষ্টি হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চালকদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারা বলেন, সবার সহযোগিতা ছাড়া শুধু আইন প্রয়োগ বা পাহারা দিয়ে সাময়িক সময়ের জন্য যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে তা কার্যকর হবে না।
সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হয়ে নিয়ম মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।