টেকনাফে হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার - নব সংবাদ

টেকনাফে হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২, ২০২৬

এস এম লুৎফুর কবির,কক্সবাজার।

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ রাসেল প্রকাশ আব্বুয়া (২৬)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নূরানীপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ হাশেমের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি টেকনাফ থানার মামলা নং-০৩ (তারিখ: ০১/০৭/২০২৫), অস্ত্র আইনের ১৯(ক)/১৯(ফ) ধারায় দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন।
র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যাব-১৫ এর পক্ষে সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া অফিসার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।