
নিজস্ব প্রতিবেদক | বরুড়া, কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর মহামায়া দাতব্য চিকিৎসালয়ে সরকারি নথিতে একজন এমবিবিএস চিকিৎসক কর্মরত থাকলেও বাস্তবে তার কোনো উপস্থিতি খুঁজে পাননি স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী বিষয়টি জানতে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আবেদন করলেও ৩০ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে স্বাস্থ্য বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গালিমপুর মহামায়া দাতব্য চিকিৎসালয়ের জন্য একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগপ্রাপ্ত রয়েছেন বলে সরকারি রেকর্ডে উল্লেখ রয়েছে। তবে ইউনিয়নের সাধারণ মানুষের দাবি, তারা কখনো ওই চিকিৎসককে চিকিৎসালয়ে দায়িত্ব পালন করতে দেখেননি। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমাদের ইউনিয়নের নামে যদি একজন এমবিবিএস ডাক্তার নিয়োগপ্রাপ্ত থাকেন, তাহলে আমরা কেন তার সেবা পাচ্ছি না? তিনি কোথায় দায়িত্ব পালন করছেন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে।”
বিষয়টির প্রকৃত অবস্থা জানার জন্য স্থানীয় সাংবাদিক মো. জাহিদ হোসেন গত ২০ মে ২০২৬ তারিখে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজেদুর রহমানের কাছে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় লিখিত আবেদন করেন। আবেদনে গালিমপুর মহামায়া দাতব্য চিকিৎসালয়ে নিয়োগপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসকের নাম, পদায়ন এবং দায়িত্ব পালনের সংক্রান্ত তথ্য চাওয়া হয়।
অভিযোগ রয়েছে, আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য প্রদানের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য সরবরাহ করেননি। আবেদন জমা দেওয়ার ৩০ দিন অতিক্রম হলেও এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক জবাব পাওয়া যায়নি।
তথ্য অধিকার আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর চাহিদাকৃত তথ্য প্রদান করা সরকারি কর্তৃপক্ষের বাধ্যবাধকতা। কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরও তথ্য না পাওয়ায় আইনটির কার্যকর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা।
এদিকে বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, কর্মস্থলে অনুপস্থিতি এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে অভিযোগ করে আসছেন। স্থানীয়দের মতে, গালিমপুর মহামায়া দাতব্য চিকিৎসালয়ের ঘটনাটি উপজেলার স্বাস্থ্যখাতের সামগ্রিক দুরবস্থারই একটি প্রতিচ্ছবি।
এলাকাবাসীর দাবি, গালিমপুর মহামায়া দাতব্য চিকিৎসালয়ে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক প্রকৃতপক্ষে কর্মস্থলে দায়িত্ব পালন করছেন কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ইউনিয়নবাসীর জন্য নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজেদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।