
মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুইটি অভিযানে মোট ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও চেকপোস্ট বসানো হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন ষোলপাড়া এলাকার সোনালী আঁশ জুট মিলের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে এক নারীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত নারী হলেন প্রিয়া আক্তার ওরফে বিথী (৩৬)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শনগর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে এর আগের দিন রবিবার (১৭ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় একটি সন্দেহজনক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকেও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ শুক্কুর আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ফলিয়ামারী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।