দিনে নীরবতা, রাতে ভেকুর তাণ্ডব বরুড়ার লক্ষীপুরে ড্রেজার বন্ধ দেখিয়ে ফসলি জমিতে গোপনে অবৈধ মাটি কাটা - নব সংবাদ

দিনে নীরবতা, রাতে ভেকুর তাণ্ডব বরুড়ার লক্ষীপুরে ড্রেজার বন্ধ দেখিয়ে ফসলি জমিতে গোপনে অবৈধ মাটি কাটা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলায় অবৈধ মাটি কাটার কৌশল বদলালেও থামেনি অপরাধ। দিনের আলোতে সব কার্যক্রম বন্ধ রেখে রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ১৪নং লক্ষীপুর ইউনিয়নের শশুরকাটা মাঠ এলাকায়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন চলেছে। প্রায় ছয় থেকে সাত মাস একটানা ড্রেজার চালানোর পর বর্তমানে তা বন্ধ দেখানো হলেও বাস্তবে রাতের বেলায় ভেকু ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। দিনে এলাকায় কোনো তৎপরতা না থাকলেও রাত নামলেই শুরু হয় গোপন অপারেশন। অভিযোগ রয়েছে, মোজ্জামেল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত। স্থানীয়দের দাবি, আগে ইউনিয়ন ভূমি অফিসকে ‘ম্যানেজ’ করেই ড্রেজার চালানো হয়েছে এবং এখন প্রশাসনের নজর এড়াতে কৌশল পরিবর্তন করে রাতের বেলায় ভেকু নামানো হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ১৪নং লক্ষীপুর ইউনিয়ন উপজেলা সদর থেকে তুলনামূলকভাবে দূরে হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার (ভূমি)-এর নিয়মিত তদারকি সেখানে খুব একটা হয় না। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র দিনের বেলায় সব কার্যক্রম বন্ধ রেখে রাতের আঁধারে ফসলি জমি ধ্বংস করছে।
অবৈধ এই মাটি কাটার ফলে ফসলি জমি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে এবং ভারী যান চলাচলের কারণে জনজীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি পরিবেশ ও কৃষি ব্যবস্থায় পড়ছে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব। এ বিষয়ে ১৪নং লক্ষীপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয় আমি জানি না।” তবে এলাকাবাসীর প্রশ্ন—যেখানে মাসের পর মাস প্রকাশ্যে ড্রেজার চলেছে এবং বর্তমানে নিয়মিত রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কাটা হচ্ছে, সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তার ‘জানি না’ বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য? স্থানীয়দের ভাষায়, “এটা দায়িত্বে চরম অবহেলা নয়তো টাকার বিনিময়ে নীরব সম্মতি।” ভূমি কর্মকর্তার এই বক্তব্যের পর ইউনিয়ন ভূমি অফিসের ভূমিকা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে চলা ভেকু অপারেশনের কারণে ছোট শিশু, বৃদ্ধ মা-বাবা ও অসুস্থ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। তারা অবিলম্বে অবৈধভাবে কাটা মাটির পূর্ণ হিসাব, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দায়িত্বে অবহেলা ও সম্ভাব্য আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রশ্ন থেকেই যায়— দিনের বেলায় বন্ধ রেখে রাতের আঁধারে চলা এই মাটি লুট কতদিন চলবে?
আর প্রশাসন কবে মাঠে নেমে কার্যকর ব্যবস্থা নেবে?