নাশকতার ছক ফাঁস: জাতীয় সংসদ ভবন ও শাহবাগসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারা দেশে উচ্চ সতর্কতা - নব সংবাদ

নাশকতার ছক ফাঁস: জাতীয় সংসদ ভবন ও শাহবাগসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারা দেশে উচ্চ সতর্কতা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৬

গ্রেফতার উগ্রবাদীর তথ্যে চাঞ্চল্য—ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থাপনাও টার্গেটে, নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেফতার হওয়া এক নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কেউ বিষয়টি স্বীকার না করলেও পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি ইশতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নিয়মিত যোগাযোগ রাখছিলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে। তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নাশকতা চালানো।

তথ্য অনুযায়ী, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনার অনুলিপি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিএমপি কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জনসমাগমস্থলগুলোতে টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সূত্র যুগান্তর