নির্বাচনের আগমুহূর্তে সহিংসতা: বরুড়ায় বিএনপির মিছিল থেকে জামায়াত অফিসে ককটেল হামলা! - নব সংবাদ

নির্বাচনের আগমুহূর্তে সহিংসতা: বরুড়ায় বিএনপির মিছিল থেকে জামায়াত অফিসে ককটেল হামলা!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিএনপির একটি মিছিল থেকে জামায়াত অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় খোশবাস বাজার এলাকায় বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিসের সামনে পৌঁছালে হঠাৎ করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার সময় কার্যালয়ে অবস্থানরত সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন,
“একটি পক্ষ পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। ককটেল হামলার মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করে তারা আবারও ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।”
তবে এই অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন,
“ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।”