
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
স্বাধীনতার পর জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করে ছিলের ভাষা সৈনিক অলি আহাদ, তার এই আসনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি এই আসনটি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও, রুমিন ফারহানার এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে।
বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা রুমিন ফারহানার প্রতি স্থানীয় তৃণমূলের জোরালো সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আলী হোসেন গণমাধ্যমকে বলেন, “নেতাকর্মীদের চাপের মুখে এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা আজ রুমিন ফারহানা আপার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। পরবর্তী করণীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই গ্রহণ করবেন।”
উল্লেখ্য, সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত অর্ধডজন প্রভাবশালী নেতা। তবে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম ঘোষণা করা হয়।
জোটের এই সিদ্ধান্তের বিষয়ে গতকালই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন রুমিন ফারহানা। তিনি সাংবাদিকদের বলেছিলেন, “বিএনপির মতো বড় দলকে জোটের স্বার্থে অনেক সময় আপস করতে হয়। জমিয়তের সঙ্গে জোট রক্ষায় দল হয়তো বাধ্য হয়ে আসনটি ছেড়ে দিয়েছে।” তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, “যদি ব্যবস্থা নিতে হয়, তারা অবশ্যই নেবেন। আমি তো কাউকে বাধা দিতে পারব না।”
রুমিন ফারহানার এই অনড় অবস্থান এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করার ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তিনি ভোটের লড়াইয়ে টিকে থাকেন কি না, নাকি দলীয় ও জোটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছেড়েদেন।