
এমরান হোসেন রিটন।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ওরশের অনুষ্ঠানে নারী উত্যক্ত করার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সিএনজি থামিয়ে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে শাহজালাল ওরফে সাব্বির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং জিহাদ (২২) নামে অপর এক যুবক বর্তমানে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাবুল মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। নিহত সাব্বির ও আহত জিহাদের পরিবারের পক্ষ থেকে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ উপজেলার আলী শাহ ভান্ডারীর ওরশ ও বাউল গানের অনুষ্ঠান চলাকালীন আসামিরা নারীদের উত্যক্ত করলে স্থানীয়রা তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা উপস্থিত লোকজনকে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়।
পূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিহাদ ও সাব্বিরসহ কয়েকজন সিএনজিযোগে মানিকারচরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে লক্ষনখোলা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী সিএনজিটির গতিরোধ করে।
আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড, চেইন ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। মামলার প্রধান আসামি নাঈম জিহাদের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অপর আসামি জাহিদুল সাব্বিরের শরীরের স্পর্শকাতর স্থানে ছুরিকাঘাত করে এবং সজিব মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যান্য আসামিরাও লোহার রড ও পাইপ দিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। গুরুতর আহত জিহাদ বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
এ ঘটনায় মুগারচর গ্রামের বাসিন্দা রফিকুল (৪৪) বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নাঈম, বাবুল মিয়া, জাহিদুল, কামাল মিয়া, সজিব, লিল মিয়া ও ফিরোজ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, “ইতোমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।