সদরঘাটে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ - নব সংবাদ

সদরঘাটে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬

অনলাইন ডেক্স

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কাপড় কাটার কাঁচি দিয়ে মিতুলের বুকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে মিতুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিষয়ে মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।