সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। - নব সংবাদ

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৬

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনো পুড়লো ২৪টি দোকানঘর।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার  ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিক আগুন জ্বলতে দেখেন ব্যবসায়ীরা। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফলের আড়ৎ, মুদি গুদাম, কোল্ড কর্নার, আলিফ টেলিকম মোবাইল দোকান, কম্পিউটার ট্রেনিং সেন্টার  ওষুধের দোকান, অটো শোরুম,ভাঙ্গারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে ২০জন মালিকের ২৪টি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।