হাতিয়ায় সাংসদের জন্য ফেরি আটকে রাখার অভিযোগ, ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি - নব সংবাদ

হাতিয়ায় সাংসদের জন্য ফেরি আটকে রাখার অভিযোগ, ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১, ২০২৬

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি।

 

ঈদুল আজহার ছুটি শেষে সোমবার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়ায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। তবে নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মস্থলমুখী যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা অবস্থায় থাকা ফেরি ‘মহানন্দা’-তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি মহানন্দা বিকেল সোয়া ৪টার দিকে যাত্রা শুরু করে এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। সাধারণ নিয়ম অনুযায়ী যাত্রী ও যানবাহন ওঠানামা শেষে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ফেরিটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সংসদ সদস্যের অপেক্ষায় ফেরিটি প্রায় রাত ৯টা পর্যন্ত আটকে রাখা হয়।
এদিকে বিকেল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি আনলোড হওয়ার পর নতুন করে গাড়ি তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। ফলে প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী যাত্রীরা।
একাধিক যাত্রী জানান, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ফেরি না ছাড়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা তাদের বলেন, “এমপি সাহেব আসবেন, এরপর ফেরি ছাড়া হবে।” এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা বলেন, একজন জনপ্রতিনিধির জন্য শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হওয়া দুঃখজনক। নির্ধারিত সময়ে চেয়ারম্যান ঘাট, সোনাপুর কিংবা জেলা শহর মাইজদীতে পৌঁছাতে না পারলে দূরপাল্লার বাস ধরতে সমস্যা হয় এবং অনেকের কর্মস্থলে সময়মতো ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।
ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক বলেন, “আমাদের ফেরি বিকেল ৫টা ৪০ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। লোড-আনলোডে সাধারণত কিছু সময় লাগে। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে কিছুটা বিলম্ব হবে। এ কারণে শুরুতে গাড়ি উঠানো হয়নি। পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করি। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা দেরি হয়েছে।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ, ঈদের ছুটির মতো ব্যস্ত সময়ে ফেরি চলাচলে এমন বিলম্ব সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।