অফিস সহকারী থেকে সম্পদের মালিক: মুরাদনগরে সফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - নব সংবাদ

অফিস সহকারী থেকে সম্পদের মালিক: মুরাদনগরে সফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি। 

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সফিকুল ইসলামের বিপুল সম্পদের তথ্য ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমিত বেতনের সরকারি চাকরি করেও কীভাবে তিনি ও তার পরিবারের নামে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন—এ প্রশ্ন এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অনুসন্ধানে জানা যায়, সফিকুল ইসলাম ২৬ ডিসেম্বর ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে তার বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকার মধ্যে। অথচ তার ও তার স্ত্রীর নামে বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, স্বর্ণালংকার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানতসহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার মৌজাখুতিতে তার নিজ নামে ৬ শতক জমি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া কৃষ্ণনগর মৌজায় স্ত্রীর নামে আরও একটি জমি রয়েছে, যার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।
দেবিদ্বারের কাশারিখোলা মৌজায় স্ত্রীর নামে ১৬ শতক জমি হেবা বিল এওয়াজ দলিলের মাধ্যমে ক্রয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রকৃতপক্ষে নিজের অর্থে অন্যের নামে সম্পদ গোপনের চেষ্টা করা হয়েছে। একই এলাকায় তার নিজ নামেও আরও ৫ শতক জমির তথ্য পাওয়া গেছে।
এছাড়া দক্ষিণ চর্থা মৌজায় প্রায় ৩৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩ শতক জমি এবং মনোহরপুর এলাকায় স্ত্রীর নামে একটি ফ্ল্যাটবাড়ির তথ্য মিলেছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
অনুসন্ধানে আরও জানা যায়, সফিকুল ইসলামের নিজ নামে ৫ ভরি এবং তার স্ত্রীর নামে ২২ ভরি স্বর্ণালংকার রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এছাড়া স্ত্রীর নামে প্রায় ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড রয়েছে। বিভিন্ন ব্যাংকে তাদের নামে উল্লেখযোগ্য অঙ্কের জমা থাকার তথ্যও পাওয়া গেছে।
জিপিএফ/সিপিএফ হিসাবেও প্রায় ৩০ লাখ ২৪ হাজার টাকার সঞ্চয়ের তথ্য মিলেছে। পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য ও আসবাবপত্রের মূল্য প্রায় ৫ লাখ ৫৫ হাজার টাকা বলে জানা গেছে।
এদিকে, অনুসন্ধান চলাকালে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে সফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীর নামে-বেনামে এত বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখা জরুরি। তারা বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট দপ্তর ও দুর্নীতি দমন কমিশন–এর হস্তক্ষেপ কামনা করেছেন।
অনুসন্ধানী টিম জানিয়েছে, সফিকুল ইসলামের নামে-বেনামে আরও সম্পদের অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।