চরফ্যাশনের কাজল মিয়ার বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট - নব সংবাদ

চরফ্যাশনের কাজল মিয়ার বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৬

নিজাম উদ্দিন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজল মিয়ার বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে পুরো বাজার এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজল মিয়ার বাজারে দেশের বিভিন্ন জাতের গরু, ছাগলসহ কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। চরফ্যাশনের বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের পশু নিয়ে এ হাটে আসছেন। বাজারে দেশীয় জাতের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খামারিরা বলছেন, গত কয়েক বছর ধরে দেশীয় খামারিরা ব্যাপক পরিশ্রম করে কোরবানির পশু প্রস্তুত করছেন। তারা আশা করছেন, এ বছর কোরবানির পশুর ভালো দাম পাওয়া যাবে। অনেক বিক্রেতার দাবি, ভারতীয় গরু দেশে প্রবেশ করলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এবং লোকসানের মুখে পড়েন। তাই দেশীয় পশুর বাজার সুরক্ষার দাবি জানিয়েছেন তারা।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে ছোট, মাঝারি ও বড়—সব ধরনের গরু পাওয়া যাচ্ছে। ফলে নিজের সামর্থ্য অনুযায়ী পশু বাছাই করার সুযোগ রয়েছে। এছাড়া বাজারে পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় কেনাবেচাও বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল ইসলাম কাজল মিয়া ২০১২ সালের ১২ ডিসেম্বর এই বাজারটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকায় একটি গুরুত্বপূর্ণ পশুর হাট হিসেবে পরিচিতি লাভ করেছে।
স্থানীয়রা আশা করছেন, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে, ততই এ বাজারে ক্রেতা ও বিক্রেতার সমাগম আরও বৃদ্ধি পাবে।