
মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ১৫ নম্বর বক্সগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অফিসের ব্যবহৃত কম্পিউটারে সাবিনা নামের এক নারীকে বসিয়ে বিভিন্ন দাপ্তরিক কাজ করানো হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম পরিচালনা করছেন বর্তমান নায়েব ইলিয়াস।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার টেবিলে বসে ওই নারী বিভিন্ন অফিসিয়াল কাজ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েব ইলিয়াস নিয়মিত অফিসে উপস্থিত না থেকে সাবিনার মাধ্যমে অফিসের নানা কার্যক্রম পরিচালনা করছেন। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, এই কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন সেবার নামে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য নিতে নায়েব ইলিয়াসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, “বিষয়টি আমরা দেখতেছি।”
স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।