
মোঃ আরিফুল ইসলাম ফারহান। বিশেষ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন এর নয়নপুর বাজার এলাকায় অবস্থিত মল্লিকা সিএনজি ও ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্যাস কম দেওয়া, অতিরিক্ত বিল আদায়, চাঁদাবাজি এবং চালকদের হয়রানির অভিযোগ উঠেছে।
স্থানীয় সিএনজি চালক ও ভুক্তভোগীদের অভিযোগ, স্টেশনটিতে গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত টাকার বিপরীতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হয় না। অভিযোগ রয়েছে, ২০০ টাকার গ্যাস নেওয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে অনেক কম পরিমাণ গ্যাস দেওয়া হয়, অথচ পুরো টাকার বিল আদায় করা হয়। এছাড়া ২০০ টাকার গ্যাসের বিপরীতে ২২০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন চালক।
অভিযোগকারীরা জানান, স্টেশনের গ্যাস লাইনে দাঁড়ানো প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নেওয়া হয়। পাশাপাশি গ্যাস সরবরাহকারী কর্মচারীদেরও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। কোনো চালক এসব বিষয়ে প্রতিবাদ করলে স্থানীয় কিছু বখাটে ও চাঁদাবাজদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী সিএনজি চালক মনির জানান, গত ৪ জুন ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে জরুরি রোগী নিয়ে কসবা থেকে কুমিল্লায় যাওয়ার পথে তিনি উক্ত ফিলিং স্টেশনে গ্যাস নিতে যান। তার দাবি, লাইনে অন্য কোনো গাড়ি না থাকা সত্ত্বেও রোগীর জরুরি অবস্থা দেখেও তাকে প্রায় ২০ মিনিট অপেক্ষা করানো হয়। পরে অর্থ দেওয়ার পর গ্যাস সরবরাহ করা হয়। গ্যাস নেওয়ার পর স্টেশনের এক কর্মচারী অতিরিক্ত ২০ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মচারী ও কয়েকজন ব্যক্তি তাকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে স্টেশনের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে উল্টো প্রভাবশালী হওয়ার কথা উল্লেখ করে চ্যালেঞ্জিং বক্তব্য দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, মল্লিকা সিএনজি ও ফিলিং স্টেশনটি কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকায় অবস্থিত এবং স্থানীয় সূত্রে জানা যায়, এটি সাবেক সংসদ সদস্য আবু জাহের-এর মালিকানাধীন প্রতিষ্ঠান।
তবে অভিযোগগুলোর বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চালকরা।