
নিজস্ব প্রতিনিধি:
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে কুমিল্লায় জব্দ করা প্রায় ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, ঔষধ, ইনজেকশন, সিগারেট ও জর্দা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই ২০২৬) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়। সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যেই এসব জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে।
তিনি বলেন, “মাদক শুধু একটি অবৈধ দ্রব্য নয়, এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক আমাদের সম্ভাবনাময় তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যৎ ধ্বংস করছে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, তার পরিবার ও সমাজকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র নানা ধরনের মাদক দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধ করা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। সীমান্তে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। তাদের সাহস, পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে।
রিজিয়ন কমান্ডার বলেন, “আজ যে মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে, তা শুধু অবৈধ পণ্য ধ্বংস নয়; বরং সমাজকে বিষমুক্ত করার এক দৃশ্যমান পদক্ষেপ। মাদক নির্মূলের এই সংগ্রাম শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের বিরুদ্ধে স্থায়ী সফলতা অর্জন সম্ভব।”
অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলার আংশিক সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ করা ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, ঔষধ, ইনজেকশন, সিগারেট ও জর্দা ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।