চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা - নব সংবাদ

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ১৫ ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।