বীরগঞ্জে স্বামীর আ.ত্ম.হ.ত্যা: শয়নকক্ষে মিলল ঝুলন্ত ম.র.দে.হ - নব সংবাদ

বীরগঞ্জে স্বামীর আ.ত্ম.হ.ত্যা: শয়নকক্ষে মিলল ঝুলন্ত ম.র.দে.হ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ

বীরগঞ্জ-এ পারিবারিক কলহের জেরে আজিজুল ইসলাম অপু (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিজ টিনশেড বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম অপু কোমরপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাহিদা খানম শিরিন জানান, তার স্বামী প্রায়ই বিনা কারণে তাকে ও সন্তানকে মারধর করতেন। শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি গলায় ফাঁস দেন বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।